২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম গেলেন না ইমরান

চট্টগ্রাম রওনা হয়েও ফেনীতে থেকে পুনরায় ঢাকায় ফেরত এসেছে গণজাগরণ মঞ্চের ব্লগারদের প্রতিনিধি দল। পুলিশের পরামর্শে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য চট্টগ্রামের পথে থাকা ব্লগারদের ওই প্রতিনিধি দলকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ফেনীতে পুলিশ আটকে দেয়।”

পুলিশ নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ব্লগারদের চট্টগ্রাম না যাওয়ার পরামর্শ দেন। এরপর ইমরান এইচ সরকারসহ ব্লগাররা ঢাকায় রওনা হন বলে বাপ্পা জানান।

রাত সাড়ে ৯টার দিকে ইমরানসহ ব্লগাররা ঢাকায় ফেরত আসেন।

বুধবার সকালে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে ব্লগারদের ওই প্রতিনিধি দলটি চট্টগ্রাম রওনা দিয়েছিল। ব্লগারদের সম্পর্কে ‘ভুল ধারণা’ নিরসনে হেফাজতে ইসলাম নেতাদের সঙ্গে তারা আলোচনাও করতে চেয়েছিল।

ঢাকায় ফেরার পর ইমরান প্রজন্ম চত্বরে সাংবাদিকদের বলেন, “পুলিশ আমাদেরকে নিরাপত্তার কথা বলে যেতে দেয়নি।

“আমরা তাদেরকে (পুলিশকে) বলেছিলাম যে আমরা কোনো অবস্থাতেই ১৪৪ ধারা ভঙ্গ করব না। কোনো সহিংসতার মধ্যেও যাব না। কিন্তু পুলিশ নিরাপত্তার কথা বলে যেতে দেয়নি।”

গণজাগরণবিরোধী হেফাজতের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, “কোনো আলোচনা ছাড়া সমস্যার সমাধান হতে পারে না। আলোচনার কোনো বিকল্প নেই। এজন্য আমরা আলেম-ওলামাদের এখনো আলোচনার আহ্বান জানাচ্ছি।”

আলোচনায় হেফাজতের আপত্তির বিষয়টি জানানো হলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “আমাদের আন্দোলন কোনো ধর্মের বিরুদ্ধে নয়। সে বিষয়টি স্পষ্ট করার জন্যই আলোচনায় বসতে চাই।”

ব্লগারদের ওই প্রতিনিধি দল ছাড়াও ছাত্র নেতাদের দুটি দল চট্টগ্রাম যাচ্ছে।

ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ, বিপ্লবী ছাত্রমৈত্রীর আব্দুর রউফ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আল জহিরসহ ছয় জনের একটি দল রাতে চট্টগ্রাম পৌঁছেছেন।

আর দ্বিতীয় দলে রয়েছেন ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভির রুস্তম, জাসদ ছাত্রলীগ সভাপতি হুসাইন তফসিরসহ ১০ ছাত্র নেতা।

এই দলটি রাতে রওনা দেবে বলে জানিয়েছেন বাপ্পাদিত্য বসু।

হেফাজতে ইসলামীর সঙ্গে কী নিয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বলেন, “একটি বেসরকারি টেলিভিশনের কাছে হেফাজতে ইসলাম দাবি করেছে ব্লগাররা নাস্তিক। তাই তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা কোন আলোচনা করবেন না। আমরা মূলত ব্লগার, তাদের ভুল ধারণা প্রশমন করার চেষ্টা করবো।”

“আমাদের আন্দোলন যে কোন ধর্মের বিরুদ্ধে নয় বরং স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে এটাও তাদের বোঝানোর চেষ্টা করা হবে।”

তিনি বলেন, “আমরা গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে হেফাজতে ইসলামকে আলোচনার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা এখনো পর্যন্ত কোন রেসপন্স করেনি।”

পুরনো খবর:

গণজাগরণ মঞ্চের নেতারা চট্টগ্রাম রওয়ানা হয়েছেন