২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণ মঞ্চের নেতারা চট্টগ্রাম রওয়ানা হয়েছেন

ব্লগারদের সম্পর্কে ‘ভুল ধারণা’ নিরসনে হেফাজতে ইসলাম নেতাদের সঙ্গে আলোচনার জন্য ছাত্র নেতাদের একটি দল চট্রগ্রাম রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্ত বসু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 11:15 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

এদিকে গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে জানিয়েছে হেফাজতে ইসলাম।

বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্ত বসু বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেফাজতে ইসলাম নেতাদের সঙ্গে আলোচনার জন্য ইতিমধ্যে ছাত্র নেতাদের ছয় সদস্যের একটি দল চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছেন। বুধবার রাতে ১০ সদস্যের আরো একটি দল রওয়ানা হওয়ার কথা রয়েছে।”

তিনি আরো বলেন, “আমরা গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে হেফাজতে ইসলামকে আলোচনার আহবান জানিয়েছিলাম। কিন্তু তারা এখনো পর্যন্ত কোন রেসপন্স করেনি।”

রওয়ানা হওয়া প্রথম দলে ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ, বিপ্লবী ছাত্রমৈত্রীর আব্দুর রউব, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আল জহির সহ ছয় জন রয়েছেন।

আর দ্বিতীয় দলে থাকছেন ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভির রুস্তম, জাসদ ছাত্রলীগ সভাপতি হুসাইন তফসিরসহ দশ ছাত্র নেতা।

এছাড়াও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ব্লগারদের একটি দলও চট্রগ্রাম রওয়ানা হয়েছেন বলে জানান বাপ্পাদিত্ত।

হেফাজতে ইসলামীর সঙ্গে কী নিয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, “কিছুক্ষণ আগে একটি বেসরকারি টেলিভিশনের কাছে হেফাজতে ইসলাম দাবি করেছে ব্লগাররা নাস্তিক। তাই তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা কোন আলোচনা করবেন না। আমরা মুলত ব্লগার, তাদের ভুল ধারণা প্রশমন করার চেষ্টা করবো।

“আমাদের আন্দোলন যে কোন ধর্মের বিরুদ্ধে নয় বরং স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে এটাও তাদের বোঝানোর চেষ্টা করা হবে।”