২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতায় উদ্বেগ কানাডার

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় আবারো উদ্বেগ প্রকাশ করেছে কানাডা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 12:04 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক অধিকার চর্চার জন্য দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

ঢাকায় কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “নির্বাচন সামনে রেখে স্বাধীনভাবে মত প্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার ক্ষেত্রে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আমরা সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে ফ্রাঙ্কোফোন উৎসব উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে গত সপ্তাহে কানাডা দেশব্যাপী সহিংসতায় প্রাণহানী এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছিল। পাশাপাশি সরকারের প্রতি জনগণের নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানায় দেশটি।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড গত ৮ মার্চের দেয়া বিবৃতিটি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে জন বেয়ার্ড বলেন, বাংলাদেশে প্রাণঘাতী সহিংসতা বেড়ে যাওয়ায় কানাডা গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের সব পক্ষের প্রতি আমাদের আহ্বান, সহিংসতা বন্ধ করুন, শান্তিপূর্ণভাবে বিরোধ মেটাতে কাজ করুন এবং বাংলাদেশের সমাজের ক্রমবর্ধমান বিভক্তি দূর করুন।

সব নাগরিকের জীবন ও অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী।

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার কঠোর নিন্দা জানিয়ে জন বেয়ার্ড বলেন, সাধারণ মানুষের ওপর হামলা, বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার কঠোর ভাষায় নিন্দা জানাই।

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াতে ইসলামীর সহিংসতা ও তাণ্ডবে সারাদেশে কমপক্ষে ৭০ জন নিহত হয়।