প্রধানের জেলায় চলছে দ্বিতীয় দিনের হরতাল
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান শফিউল আলম প্রধানকে গ্রেপ্তারের প্রতিবাদে তার নিজ জেলা পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে।
সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, যান চলাচলে বাধা সৃষ্টি করায় সকালে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক দল জাগপার চেয়ারম্যান শফিউল আলম প্রধানকে সোমবার রাতে রাজধানী থেকে আটক করা হয়। গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে বৈঠক শেষে বের হলে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পরদিন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে প্রধানকে পল্টন থানায় দায়ের করা দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। এ মামলায় রিমান্ড আবেদন খারিজ করে তাদের জেলহাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার রাতে প্রধানকে গ্রেপ্তারের পর পঞ্চগড়ে মঙ্গল ও বুধবার হরতাল ডাকে জাগপা।
হরতালে শহরের রিকশা চললেও জেলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। দেকানপাটও বন্ধ রয়েছে। তবে সরকারি অফিস-আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে।
