২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত স্থানে ধূমপানের জরিমানা ৩০০টাকা করার সুপারিশ

উন্মুক্ত স্থানে (পাবলিক প্লেস) ধূমপানের জন্য এ সংক্রান্ত বিলে তিনশ’ টাকা জরিমানার বিধান রাখার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বিলটি আরো পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী বৈঠকে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন-বিয়োজন করে সংসদে উত্থাপনের জন্য চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি।

গত ৪ মার্চ ২০০৫ সালের আইনে সংশোধনী এনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০১৩’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়।

ওই বিলে পাবলিক প্লেসে ধুমপানের জন্য একশ’ টাকা জরিমানার সুপারিশ ছিল।

বৈঠক শেষে স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের জানান, ঢাকার বাইরে কয়েকটি সিটি করপোরেশনে উন্মুক্ত স্থানে ধূমপানের জন্য  ৩০০ টাকা জরিমানা করা হয়। সিটি করপোরেশন পুলিশ আইনে এ ব্যবস্থা রয়েছে। এজন্যে বিলটিতে প্রস্তাবিত অর্থদণ্ড বাড়ানোর সুপারিশ করা হয়।

এ বৈঠকে সদস্য হিসেবে মোহাম্মদ আমানউল্লাহ এবং মো. মুরাদ হাসান অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বৈঠকে যোগ দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এস এম নিয়াজউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

গত ৪ মার্চ উত্থাপিত বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, তামাক ব্যবহার জনিত রোগে দেশে প্রতিবছর ৫৭ হাজার মানুষ মৃত্যুবরণ করছে এবং কর্মক্ষমতা হারাচ্ছে ৩ লাখ ৮২ হাজার জন। ধূমপানজনিত প্রধান আটটি রোগের চিকিৎসায় ব্যয় হয় প্রায় ৫ হাজার কোটি টাকা।

তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে এ ব্যয় বহুলাংশে প্রতিরোধ সম্ভব হবে।

বিলে তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় চর্বনযোগ্য তামাক তথা জর্দা, সাদা-পাতা, গুল ইত্যাদিকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। মোড়কে ছবিযুক্ত স্বাস্থ্য সতর্কবাণী ছাপানো, পাবলিক প্লেসে ধূমপান ও কোম্পানির আইন লংঘনের শাস্তির পরিমাণ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

বিলটি আইনে পরিণত হলে তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়ানোসহ ধূমপানজনিত অন্যান্য স্বাস্থ্য ঝুকি কমবে।