২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের ফটকের কাছে ককটেল

রাজধানীর হাইকোর্ট এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশের রাস্তা থেকে দুটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 05:14 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল জানান, মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন হরতালের সকালে লাল টেপে মোড়ানো ককটেল দুটি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ট্রাইব্যুনালের সামনের দিকে পূর্ব ও পশ্চিম পাশের ফটকের মাঝ বরাবর রাস্তায় ফুটপাতের পাশে ড্রেনের ভেতরে ককটেল দুটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে বলে জলিল জানান।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইবুন্যাল ইতোমধ্যে দুই জামায়াত নেতার ফাঁসি ও একজনের যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছে। এছাড়া আরো পাঁচজনের বিচার চলছে।

এই বিচার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামী বেশ কিছু দিন ধরেই সারা দেশে ব্যাপক সহিংসতা চালিয়ে আসছে। ট্রাইব্যুনালের বিরোধিতায় বিএনপিও জামায়তকে সমর্থন দিয়েছে।