২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানবসম্পদ উন্নয়নে বড় বাধা শিক্ষার নিম্নমান’

বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে শিক্ষার নিম্নমান একটি বড় বাধা বলে মনে করেন গবেষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 06:02 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

প্রশিক্ষণ ও শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে দেশের আত্মকর্মসংস্থান সৃষ্টিকারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মুনাফা আরো বাড়তে পারে বলেও অভিমত দেন তারা।

সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অনট্রপ্রনরশিপ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: রোল অব এডুকেশন অ্যান্ড আদার ফ্যাক্টরস’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা উঠে আসে।

তবে প্রশিক্ষণ ও শিক্ষার মান উন্নয়নের নামে শিক্ষার ‘বাণিজ্যিকীকরণ’ করা হচ্ছে কি না সে দিকেও নজর রাখা উচিত বলে মনে করেন রাজনীতিক, উদ্যোক্তা ও অন্যান্য বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “উদ্যোক্তা ও কর্মী উভয়ের জন্যই আনুষ্টানিক শিক্ষা জরুরি। তবে আমাদের জানতে হবে শিক্ষাটি উপযুক্ত শিক্ষা হচ্ছে কি না।”

বাংলাদেশে শিক্ষার গুণগত মান যথাযথ নয় স্বীকার করে তিনি আরো বলেন, দেশে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বইগুলো ১৭ বছর ধরে একই অবস্থায় আছে। এসব পাঠ্যক্রম সময়োপযোগী করে তুলতে গত দু’বছর ধরে দেশের সহস্রাধিক শিক্ষককে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে।

তবে পাঠ্যক্রম সময়োপযোগী করে বদলে নেয়ার সুফল রাতারাতি পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেন, দেশের প্রতি ১০টি কর্মসংস্থানের মধ্যে ৯টিই তৈরি করছে ব্যক্তিগত পর্যায়ের উদ্যোক্তারা। তবে গবেষণায় দেখা যাচ্ছে যে ৬৬ শতাংশ আত্মকর্মসংস্থান সৃষ্টিকারী কোনো ধরনের প্রশিক্ষণ বা আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজেদের ব্যবসা করে চলেছেন। এ থেকে বোঝা যায়, উদ্ভাবনী ক্ষমতা আনুষ্ঠানিক শিক্ষার উপর নির্ভর করে না।

তবে উদ্যোক্তাদের উপযুক্ত  প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, অবকাঠামোর অভাবও অনেক উদ্যোক্তার সফল হয়ে উঠাকে বাধাগ্রস্ত করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের প্রধান ফজলে হাসান আবেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি’র গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং সহযোগী প্রতিষ্ঠান সিএইচআর মিচেলসেন ইনিস্টিটিউটের গবেষণা পরিচালক ইভার কোলস্টাড।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত র‌্যাগনে বার্ট লুন্ড।