রাজশাহীতে বিএনপির মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ
হরতালের আগের রাতে নগরীতে বিএনপির মিছিল থেকে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এদিকে রাজশাহীতে সোমবার রাত ৯টার দিকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় বলে জানান রাজশাহীর পুলিশ কমিশনার মনির-উজ-জামান।
নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ জিয়াউর রহমান জিয়া বলেন, রাত সাড়ে ৮টার দিকে নগরীর সাহেববাজার ও শালবাগান এলাকায় বিএনপি কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। ওই মিছিল থেকে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
তারা পুলিশের পিকআপ ভাংচুরেরও চেষ্টা চালায়।এসময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া একই সময় নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে বিএনপি কর্মীরা মিছিল বের করে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করার চেষ্টা করে। এসময় পুলিশ ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান দাবি করেছেন, নগরীর শালবাগান এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ করে মিছিল থেকে একটি হাতবোমা ছোড়া হয়। তবে তিনি আহত হননি বলে জানান।
