সন্ত্রাস প্রতিরোধে কমিটি কক্সবাজারে
জামায়াত-শিবিরের চলমান সহিংসতা প্রতিরোধে দেশের অন্যান্য স্থানের মতো কক্সবাজারে নয়টি করা হয়েছে।
এরমধ্যে একটি জেলা এবং আটটি উপজেলা কমিটি।
‘কক্সবাজার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’ শিরোনামে এসব কমিটির প্রথম সভা হয় সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে।
সভায় জানানো হয়, জেলা প্রশাসককে আহ্বায়ক করে গঠন করা হয়েছে জেলা কমিটি। আট উপজেলার নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে গঠিত হয়েছে সংশ্লিষ্ট উপজেলা কমিটি।
এছাড়া ৭১টি ইউনিয়ন এবং চারটি পৌরসভায়ও কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানানো হয় সভায়।
সভায় আরো জানানো হয়, মন্ত্রী পরিষদ বিভাগ ও মাঠ প্রশাসন সংযোগ শাখার সিদ্ধান্তের প্রেক্ষিতে এসব প্রতিরোধ কমিটি গঠিত হচ্ছে।
উপজেলাগুলোর জনসংখ্যার অনুপাতে ৫০-৬০ জনকে এবং ইমাম সমিতির নেতা, সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে এসব কমিটিতে।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান।
জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল করিম, বিজিবি’র কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান, পুলিশ সুপার মো. আজাদ মিয়াসহ বিভিন্ন সরকারি, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
