২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের ডাকা হরতাল প্রত্যাহারের অনুরোধ

হেফাজতে ইসলামের ডাকা বুধবারের হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 01:21 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ আহবান জানানো হয়।

এতে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা বলেন, “আমাদের আন্দোলন শুধুমাত্র যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচার এবং জাময়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে।

“আমরা বিশ্বাস করি দেশপ্রেমিক ওলামা-মাশায়েখরাও জামায়াত-শিবিরকে ইসলামের অপব্যাখ্যাকারী দল হিসেবে গণ্য করেন।”

এ প্রসঙ্গে তারা উল্লেখ করেন যে, তারা ধর্মীয় স্বাধীনতায় পুরোপুরি বিশ্বাস করেন এবং তাদের কর্মসূচি  থেকে কখনোই ধর্মীয় নেতা বা সংগঠনের বিরুদ্ধে কথা বলা হয়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কথাও বলা হয়নি কখনো।

আগামী বুধবার বিকালে চট্টগ্রামের জামালখান প্রেসক্লাব চত্বরে শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করার প্রত্যয়ও ব্যক্ত করেন গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। ওই সমাবেশে শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। 

‘নাস্তিক’ ব্লগারদের প্রতিহত করার ঘোষণা দিয়ে বুধবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটি সংগঠন।

সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে দলটির নেতারা ১৩ মার্চ নগরীর তিনটি স্থানে পাল্টা সমাবেশের ঘোষণাও দেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর, পুরাতন রেল স্টেশন এবং লালদীঘির মাঠে সমাবেশ করার জন্য অনুমতিও চেয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের অন্যতম সংগঠক মফিজুর রহমান বলেন, “আমাদের আন্দোলন অহিংস।এই আন্দোলন মিথ্যার বিরুদ্ধে সত্যের।”

সাধারণ মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশ নিয়ে এ মহাসমাবেশ সফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অপর এক প্রশ্নের জবাবে বুধবারের সমাবেশ সফল এবং নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সর্বোচ্চ সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান মফিজুর।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার মজুমদার, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ, সমন্বয়কারী শরিফ চৌহান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান, সাংবাদিক হাসান ফেরদৌস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুন্তল বড়–য়া, সংস্কৃতিকর্মী অনুপ বিশ্বাস প্রমুখ।