‘বিভিন্ন দেশে চিঠি পাঠাবে সরকার’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং দেশের সার্বিক পরিস্থিতি জানাতে বিভিন্ন দেশে চিঠি পাঠাবে সরকার।
যুদ্ধাপরাধীদের বাঁচানোর কর্মসূচি রুখতে হবে: দীপু মনি
তিনি বলেন, “ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়ৈ আমরা আগেও তাদের জানিয়েছি। এখন কয়েকটি রায় এসেছে। কিন্তু বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি ছবিও বিকৃত করা হচ্ছে।
“দেশের পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন দেশে চিঠি পাঠানো হবে।”
তবে ঠিক কয়টি দেশে চিঠি দেয়া হবে সে বিষয়ে কিছু বলেননি পররাষ্ট্র মন্ত্রী।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বহু প্রতিক্ষিত বিচার শুরু হয়। জামায়াতের ছয় এবং বিএনপির দুই নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর পর ইতোমধ্যে তিনজনের রায়ও হয়েছে।
শীর্ষ নেতাদের বিচার ঠেকাতে জামায়াত কর্মীরা বেশ কিছুদিন ধরেই সারা দেশে সহিংসতা তালিয়ে আসছে। সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর তারা সারা দেশে পুলিশ, সরকারি স্থাপনা, যোগাযোগ অবকাঠামো এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ব্যাপক তাণ্ডব চালায়। সংঘর্ষে পুলিশসহ ৭০ জনেরও বেশি প্রাণহানী ঘটে।
অন্যদিকে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হওয়ার পর তা প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে শুরু হয় গণজাগরণ, যা পরে সারা দেশে ছড়িয়ে পড়ে।
জনগণের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সরকার ট্রাইব্যুনাল আইন সংশোধন করে, যার মধ্য দিয়ে কাদের মোল্লার সাজা বাড়ানোর জন্য আপিল করার পাশাপাশি দল হিসাবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের পথ তৈরি হয়।
এরই মধ্যে দেশে জামায়াত সমর্থক কয়েকটি গণমাধ্যম এবং অনলাইনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে শাহবাগের আন্দোলন এবং ট্রাইব্যুনালের বিচার নিয়ে নানা রকম অপপ্রচার শুরু হয়। কয়েকটি বিদেশি গণমাধ্যমেও নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করা হয়।
এসব বিষয়ে সঠিক পরিস্থিতি এবং সরকারের অবস্থান জানাতেই বিভিন্ন দেশে চিঠি দেয়া হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রী জানান।
মঙ্গলবার অনুষ্ঠেয় জনসংখ্যা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন নিয়ে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় সরকার এই সম্মেলনের আয়োজন করছে।
