২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘায় পুলিশের খোয়া যাওয়া পিস্তলের খোঁজ মেলেনি

রাজশাহীর বাঘা উপজেলায় জামায়াত নেতাকে ধরতে গিয়ে পুলিশের খোয়া যাওয়া পিস্তল এখনো উদ্ধার হয়নি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 08:21 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

রোববার রাতে সাড়ে ৮টায় উপজেলার মুরশিদপুর মোড় থেকে পুলিশকে পিটিয়ে পিস্তল ও গুলি ছিনিয়ে নেয় জামায়াত-শিবিরকর্মীরা।

রাতেই ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড গুলিসহ ম্যাগজিন ও পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। তবে পিস্তলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান বাঘা থানার ওসি হামিদুর রশিদ।

তিনি জানান, পিস্তলটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা মামলা দায়ের করা হয়নি।

পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার মুরশিদপুর মোড় থেকে পৌর জামায়াতের আমির নুহু সরকার ও কর্মী নজরুল ইসলামকে গ্রেপ্তার করলে পুলিশের উপর হামলা চালায় জামায়াত।

এ সময় তারা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুজ্জামানকে পিটিয়ে আসামি ছিনিয়ে নেয়। এসময়  তার পিস্তল ও গুলি ছিনিয়ে নেয় তারা।