২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপি নেতা খুন

নোয়াখালী সদর উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 07:04 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

নিহত মো. সহিদ উল্লাহ (৪৫) উপজেলার এওজবালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্যও।

রোববার রাতে নিজ বাড়ির কাছে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে এওজবালিয়া ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১১টার দিকে মান্নান নগর বাজার থেকে মটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন সহিদ।”

“সহিদের চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সহিদকে মৃত ঘোষণা করেন।”

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, সহিদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, “নিহতের স্ত্রী মনিজা বেগম লাভলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।”

এদিকে সহিদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিএনপিকর্মী ও স্থানীয় লোকজন সকাল থেকে সোনাপুর-চরজব্বার ও সোনাপুর-রামগতি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ফলে ওই দু’টি সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।