রাজশাহীতে পুলিশের দিকে জামায়াতের হাতবোমা
রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করা হয়েছে।
সোমবার সকালে নগরীর রাজাহাতা ও হেতেমখাঁ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় নগরীর সোনাদীঘি মনি চত্বর থেকে জামায়াত-শিবির কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে।
মিছিলকারীরা রাজাহাতা এলাকা দিয়ে হেতেমখাঁর দিকে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে জানান বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া।
“পরে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।”
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এমাজ উদ্দিন প্রামাণিক দাবি করেন, পুলিশের হামলায় তাদের পাঁচ কর্মী আহত হয়েছেন।
