চট্টগ্রামে মাসুদ হত্যা: স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের আনোয়ারায় মাসুদুল হক নামের ওই ব্যক্তিকে ছুরি মেরে হত্যা করে স্ত্রী মিনা আক্তার এবং তার দুই সহযোগী মো. জাহেদ ও মো. সোহেল।
অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের তিনজনকেই মৃত্যুদণ্ড দেন বিচারক।
মামলার নথি থেকে জানা যায়, ফটিকছড়ির বাসিন্দা মাসুদুল হকের স্ত্রী মিনা দর্জির দোকানে সেলাইয়ের কাজ শিখতে গিয়ে দোকান মালিক জাহেদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর বিয়ে করার জন্য তারা মাসুদকে হত্যার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুসারে জাহেদ ও সোহেল ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর রাতে মাসুদুলকে নিয়ে আনোয়ারায় মোহছেন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। ফেরার পথে চালগ্রামে পাহাড়ে নিয়ে শ্বাসরোধ ও ছুরি মেরে তারা খুন করেন মাসুদকে।
পরদিন ৬ সেপ্টেম্বর আনোয়ারা থানার এসআই আসলাম শিকদার বাদী অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তকালে মিনা, জাহেদ ও সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১০ সালের ২১ এপ্রিল তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। ২০১১ সালের ৩০ নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৩০২/৩৪ ধারায় আসামিদের ফাঁসির আদেশ দেন।
