চাঁদপুরে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গভীর রাতে আগুনে পুড়ে গেছে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়।
বিএনপি সমর্থক হিসেবে পরিচিত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক মিয়া বলেন, একদল দুর্বৃত্ত গভীর রাতে দিগদাইর গ্রামে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয়।
এতে বিএনপি কার্যালয় ও পাশের মনির হোসেন নামের এক ব্যবসায়ীর মুদি দোকানের বিভিন্ন ধরনের জিনিসপত্র পুড়ে যায়।
বিএনপি অফিসটি আধাপাকা ছিল বলে জানান তিনি।
ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে, না বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
