কুয়াকাটার হোটেলে পর্যটকের লাশ
পটুয়াখালীর কুয়াকাটার একটি হোটেল থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেলর সি কুইনে উত্তম কুমারের (৩০) ঝুলন্ত লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোটেল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে হোটেল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
উত্তম যশোর সদরের অসীম কুমারের ছেলে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, গত রোববার (৩ মার্চ) থেকে তিনি এ হোটেলে ছিলেন বলে হোটেল কর্তৃপক্ষ জানায়।
ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, বলেন তিনি।
