ত্বকি হত্যা: ৫ দিনের কর্মসূচি সাংস্কৃতিক জোটের
নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সাংস্কৃতিক জোট।
রোববার বিকালে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়।
সোমবার (১১ মার্চ) শুরু হয়ে কর্মসূচি চলবে শুক্রবার (১৫ মার্চ) পর্যন্ত।
কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালায় ঘেরাও ও স্মারকলিপি প্রদান, মঙ্গলবার বিকাল ৪টায় শহীদ মিনারে নাগরিক শোকসভা, বুধবার দিনব্যাপী এলাকায় এলাকায় গণসংযোগ, বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ মিনারে ছাত্র সমাবেশ এবং শুক্রবার বিকাল ৪টায় শহীদ মিনারে গণজমায়েত।
সমাবেশে কর্মসূচি ঘোষণার পর শহরে একটি মশাল মিছিল বের করা হয়।
খেলাঘর নারায়ণগঞ্জ জেলা সভাপতি রথিন চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, ভবানী শংকর রায়, উদীচীর জেলা সভাপতি জাহিদুল হক দীপু, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের নেতা তরিকুল সুজন, ওয়াকার্স পার্টির জেলা সম্পাদক হিমাংসু সাহা, ন্যাপের আওলাদ হোসেন, মহিলা পরিষদের জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সমগীতের অমল অকাশ, খেলাঘরের জহিরুল ইসলাম, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সজল বাড়ৈ প্রমুখ
সমাবেশে প্রদীপ ঘোষ বলেন, এই পাঁচ দিনের মধ্যে প্রশাসন খুনিদের সনাক্ত ও গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
সমাবেশে বক্তারা আরো বলেন, সকল প্রগতিশীল আন্দোলন থেকে রফিউর রাব্বিকে নিবৃত্ত করার জন্যই পরিকল্পিতভাবে তার সন্তানকে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জে একটার পর একটা হত্যাকাণ্ড ঘটছেই।
এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয় বলে তারা দাবি করেন।
এদিকে ত্বকি হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেপ্তার দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা।
রোববার দুপুরে জেলার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক হাসিনা পারভীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
এছাড়া ত্বকীর শায়েস্তা খান সড়কের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য সারাহ বেগম কবরী।
তিনি ত্বকীর মা ও বাবার সঙ্গে কথা বলেন।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ত্বকি হত্যার ঘটনা উদঘাটনে মামলার তদন্ত কর্মকর্তা ছাড়াও পুলিশের পৃথক দুটি দল কাজ করছে। এছাড়া ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল তাদের সার্বক্ষণিক সহায়তা করছে।
গত বুধবার বাড়ি থেকে বের হয়ে ত্বকি আর ফেরেনি। শুক্রবার সকালে নগরীর চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় শুক্রবার রাতে রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় মামলা করেছেন।
ত্বকি নগরীর এবিবি ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবছর ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নিয়ে দেশে সর্ব্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়।
`এ শহরে অনেক নির্যাতন ক্যাম্প আছে’
সন্ধ্যায় নিজ বাসায় ত্বকির বাবা রফিউর রাব্বী সাংবাদিকদের বলেন, এই শহরে কয়েকটি নির্যাতন ক্যাম্প রয়েছে। সেখানে মানুষকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। আগেও এসব নির্যাতন ক্যাম্পে মানুষকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
শহরের সবাই এসব নির্যাতন ক্যাম্প সর্ম্পকে জানে, কিন্তু নারায়ণগঞ্জের পুলিশ ও প্রশাসন জানে না।
বাস ভাড়া কমানো, রেলওয়ের ভূমি লুটপাট, সিটি কর্পোরেশন নির্বাচন, নাগরিক আন্দোলন এবং সর্বশেষ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ নিয়ে আন্দোলনে ক্ষুব্ধ কোনো একটি পক্ষ তার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করে বলে তিনি মনে করেন।
তিনি এ খুনের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
