ধর্মের অপব্যাখ্যাকারীদের প্রতিহতের আহ্বান ইমামদের
ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন কুড়িগ্রামের ইমামরা।
কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে রোববার এক সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সম্মেলন থেকে যুদ্ধাপরাধীদের বিচার দাবিও করা হয়।
সম্প্রতি দেলাওয়ার হোসাইন সাইদীর মৃত্যুদণ্ডের পর সারাদেশে জামায়াতে ব্যাপক তাণ্ডব চালায়। ধর্মের বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করারও অভিযোগ ওঠে জামায়াত-শিবিরের বিরুদ্ধে।
এরপর দেশের সাধারণ মানুষের সঙ্গে আলেম সমাজও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয়।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ইদ্রিস, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, নুরুল আমীন আনসারী, মাওলানা নূর বখত মিয়া প্রমুখ।
সম্মেলনে মসজিদের পবিত্রতা রক্ষা, মুসলমানকে নাস্তিক ঘোষণা সম্পর্কে কোরান হাদিসের ব্যাখ্যা এবং ইসলামের নামে কুৎসা রটনা এবং অপপ্রচারের বিরুদ্ধে ধর্মপ্রাণ জনগণ, আলেম ও ওলামাগণদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
এ ব্যাপারে মসজিদ ও মাদ্রাসায় প্রচারণা চালানোরও সিদ্ধান্ত নেয়া হয়েছে সম্মেলন থেকে।
সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
