নারী ক্রিকেটারের শ্লীলতাহানির চেষ্টা, এসআই বরখাস্ত
নরসিংদীতে হোটেল কক্ষে নারী ক্রিকেটারের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে বরখাস্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শফিকুল ইসলাম গত ২৮ ফেব্রুয়ারি নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করার পর থেকেই শহরের ‘হোটেল নিরালা’য় অবস্থান করছিলেন।
এর আগেও নৈতিক অবক্ষয়ের জন্য এসআই শফিকুল ইসলাম একাধিকবার বরখাস্ত হয়েছিলেন।
এ ঘটনায় বেসরকারি সংস্থা ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক খোরশিদা জাহান বাদী হয়ে সদর মডেল থানা একটি মামলা দায়ের করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, একটি টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা থেকে নারী ক্রিকেটারদের একটি দল নরসিংদী এসে ওই হোটেলে ওঠে।
শনিবার রাত ১১টার দিকে এসআই শফিকুল মাতাল অবস্থায় জোর করে নারী ক্রিকেটারের কক্ষে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা চালান।এ সময় ওই তিনি চিৎকার দিলে আশপাশ থেকে লোকজন ছুটে আসে।
পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার।
