গণজাগরণ উত্তরায়
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে গণজাগরণ মঞ্চের সমাবেশ চলছে রাজধানীর উত্তরায়।
শাহবাগের বাইরে এটা গণজাগরণ মঞ্চের সপ্তম সমাবেশ। ঢাকায় এর পরের সমাবেশ হবে ১৫ মার্চ আশুলিয়ায়।
উত্তরার ১১ নম্বর সেক্টর চৌরাস্তার কাছে রোববার বেলা সোয়া ৩টায় জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়।
উত্তরা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুপুর ২টা থেকে দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করে। স্লোগানে স্লোগানে মুখর এখন ওই এলাকা।
বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা সমাবেশমঞ্চে রয়েছেন। রয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও। সভা পরিচালনা করছেন ব্লগার মারুফ রসুল।
সমাবেশের জন্য হাউজ বিল্ডিং এলাকা থেকে চৌরাস্তা পর্যন্ত পুরো রাস্তায় মাইক লাগানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পুলিশ ও র্যাব সদস্যরা কাজ করছে।
শাহবাগে গত ৮ মার্চ গণজাগরণ মঞ্চে নারী জাগরণী সমাবেশে বোমাহামলার পর উত্তরার এই জনসভায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগ থেকে শুরু হয় গণজাগরণ আন্দোলন।
এই আন্দোলনের মুখে যুদ্ধাপরাধের যে কোনো রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিলের সমান সুযোগ রেখে আইন সংশোধন করেছে সরকার।
তবে জামায়াত নিষিদ্ধসহ আরো পাঁচটি দাবি রয়েছে গণজাগরণ মঞ্চের।
