মেয়র ‘অপহরণ’: অচল বেনাপোল
বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র তারিকুল আলম তুহিন নিখোঁজের ঘটনায় ডাকা অবরোধে অচল হয়ে পড়েছে বন্দর এলাকা।
এ কারণে বেনাপোল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য, পণ্য পরিবহনসহ দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
তবে বেনাপোল, শার্শা, নাভারন ও বাগআচড়ার এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে বলে জানান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ।
বৃহস্পতিবার দুপুরের পর থেকে শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতি নিখোঁজ রয়েছেন। তাকে অপহরণ করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করছেন।
এর প্রতিবাদে যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগ শনিবার সকাল থেকে লাগাতার অবরোধের ডাক দেয়।
সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা বেনাপোল ছোট আচড়ার মোড়, বলফিল্ড এলাকা, কাগজপুকুর, শার্শা থানার মোড়, কামারবাড়ির মোড়, শ্যামলাগাছির মোড়, নাভারন-সাতক্ষীরা মোড়ে প্রধান সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুহিনকে না পাওয়া পর্যন্ত বেনাপোল ও শার্শা উপজেলায় লাগাতার অবরোধ চলবে।
কর্মসূচি চলাকালে বাস, ট্রাকসহ ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে।
তবে ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যান, রিকশাসহ ছোট ছোট যান এবং এসএসসি ও দাখিল পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত থাকবে বলেও তিনি জানান।
বেনাপোল পোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন, অপহরণের বিষয়টি অনাকাঙিক্ষত। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তুহিন নিখোঁজের ঘটনায় ঢাকার শেরেবাংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তুহিনের বড় ভাই বেনাপোল কলেজের প্রভাষক শরিফুর আলম সাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার (৩ মার্চ) বেনাপোলের মেয়র আশরাফুল আলম লিটন ও তুহিন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। রাতে র্যাব তুহিনের বাড়িতে হানা দেয়। তবে তুহিন ওই সময় বাড়ি ছিল না।
পরদিন সকালেই সে (তুহিন) ঢাকা চলে যায়। বৃহস্পতিবার দুপুর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
