চট্টগ্রামে নাশকতার অভিযোগে ১৪ শিবিরকর্মী গ্রেপ্তার
নগরীর দক্ষিণ হালিশহরের একটি বাসা থেকে ১৪ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে নগরীর পতেঙ্গা থানার দক্ষিণ হালিশহর এলাকার হাজী জালাল আহমেদের মালিকানাধীন একটি বাসা থেকে ‘নাশকতার’ পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিবির কর্মীরা হলেন- ফিরোজ আহমেদ (২৬), নূরুল হক (২৬), মো. এমদাদ (২৩), মেহেদী হাসান (১৯), মো. খোবায়ের (২০), রাসেল আহম্মেদ (২২), আনোয়ার হোসেন (২৬), মো. মামুন (১৯), শাকিল আহাম্মদ (১৯), বোরহান উদ্দিন শাওন (২২), মো. মাসুম (২০), হামেদ হাসান (১৮), আলী আকবর (২৮) ও মো. মানিক (১৮)।
এদের মধ্যে ন’জন ইসলামী ছাত্র শিবিরের সাথী পর্যায়ের, তিনজন সদস্য এবং অপর দুইজন কর্মী পর্যায়ের বলে পুলিশ জানায়।
পতেঙ্গা থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ হালিশহেরর ওই বাসায় তারা সরকার বিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনা করছিল এমন অভিযোগের ভিত্তিতে তাদের ধরা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা শিবিরের কর্মী বলে জানান এই পুলিশ কর্মকর্তা।তাদের
বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
