‘জামায়াত নিষিদ্ধ নির্বাহী আদেশেই সম্ভব’
ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কার্যক্রমে অনুমোদন থাকলেও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া সরকারের নির্বাহী আদেশেই সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
জামায়াতি তাণ্ডবে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালীর হিন্দু পল্লী পরিদর্শনে গিয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ইঙ্গিত দেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশের বিভিন্ন স্থানে জামায়াতের তাণ্ডব চলে।
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন।
বাঁশখালীতে জামায়াত-শিবিরকর্মীরা উপজেলা প্রশাসন ভবন, আদালত ভবন ও ধোপাপাড়ায় সংখ্যালঘুদের সাতটি বসত ঘরে আগুন দেয়। হামলায় এক বৃদ্ধ নিহত হয়।
ওই এলাকা ঘুরে মিজানুর রহমান বলেন, “এই ধ্বংসযজ্ঞ দেখে আমার হৃদয় রক্তাক্ত হয়ে গেছে। সরকারের কাছে ক্ষতিগ্রস্তদের যথাযথ আর্থিক সহায়তা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি আমি।”
এই তাণ্ডবের জন্য দায়ী জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা যায় কি না- জানতে চাইলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ নয়।
“তবে ধর্মের দোহাই দিয়ে যদি কোনো রাজনৈতিক দল সহিংসতা চালানোর চেষ্টা করে তবে নির্বাহী আদেশের মাধ্যমে সরকার ওই দলকে নিষিদ্ধ করার ব্যবস্থা নিতে পারে।”
বাঁশখালীতে তাণ্ডব ‘রাষ্ট্রের বিরুদ্ধেই যুদ্ধ’ বলে মতপ্রকাশ করে তিনি তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান।
হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতেও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মিজানুর রহমান।
“বাংলাদেশের অধিকাংশ মানুষ শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ। অল্প কিছু মানুষ যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের বিরুদ্ধে দেশের মানুষ ঠিক রুখে দাঁড়াবে।”
সংখ্যালঘুদের সম্পর্কে তিনি বলেন, “এদেশের মাটি যতটুকু আমার ঠিক ততটুকুই আপনাদের। তাই হতাশ হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।”
