২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে হামলার অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 11:19 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

শুক্রবার দুপুরে উপজেলার গণ্ডামারা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার মো. রুবেল বাঁশখালী উপজেলার শেখেরখিল গ্রামের শাহাবুদ্দিনের ছেলে এবং মো. মোর্শেদ পশ্চিম চাম্বল গ্রামের মো. শফির ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুইজনই গত ২৮ ফেব্রুয়ারি বাঁশখালীর বিভিন্ন স্থানে হামলা ভাংচুর লুটতরাজের সাথে জড়িত বলে দাবি করেন ওসি সবুর।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুইজনই ডাকাত চক্রের সক্রিয় সদস্য।

দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত বাঁশখালী উপজেলার রামদাশ হাট, জলদী, চাম্বল, নাপোড়াসহ বিভিন্ন ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি, মন্দির, ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় জামায়াত-শিবির ও সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী।

এ সময় শিলকূপা গ্রামে দয়াল হরি শীলকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়।

পুরনো খবর:

দক্ষিণ চট্টগ্রামে তাণ্ডব, হিন্দু বৃদ্ধ নিহত