২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির দাবিতে ঘরে-বাইরে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক

নারী মুক্তির পাশাপাশি সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ঘরে-বাইরে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দিয়েছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 04:17 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে শাহবাগে নারী জাগরণ সমাবেশের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রামের প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চে নারী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ থেকে নারী নেতৃবৃন্দ সব ধরনের অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান।

সমাবেশে শহীদজায়া বেগম মুশতারী শফী বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। অথচ নারীদের প্রকৃত সম্মান এখনো দেয়া হয় না। এজন্য নারীদের সোচ্চার হতে হবে।

নারীমুক্তির চেতনায় ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনে নারী-পুরুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি।

গণজাগরণ মঞ্চের সমাবেশে নারী নেতৃবৃন্দ সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা এবং নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ এবং তা প্রতিরোধে এগিয়ে আসার জন্য শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রতি আহবান জানান।

সমাবেশে অংশ নিতে বিকাল ৩টা থেকে বিভিন্ন নারী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে আসতে থাকেন গণজাগরণ মঞ্চে। এর বাইরে নগরীর বিভিন্ন এলাকা থেকে ব্যক্তিগত উদ্যোগে আসেন বহু নারী। 

সমাবেশে নারীর পাশাপাশি তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার পুরুষের অংশগ্রহণও ছিল লক্ষণীয়।

সমাবেশে অন্যদের মধ্যে নারীনেত্রী নুরজাহান খান, জেসমিন সুলতানা পারু, রেখা চৌধুরী, হাসিনা জাফর, ওয়ার্ড কাউন্সিলর রেহানা কবীর রানু ও জান্নাতুল ফেরদাউস লিপি, লতিফা কবীর, আবিদা আজাদ, পপি চাকমা, মিলি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

মহিলা পরিষদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামসহ বিভিন্ন নারী সংগঠন এতে সংহতি জানায়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

আগামী ১৩ মার্চ বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে শাহবাগ গণজাগরণ মঞ্চের সমাবেশ হবে। এর আগে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুক্রবার শাহবাগের নারী জাগরণ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।