কষ্টে কেনা বাসটি জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা
বাগরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে শেখ মোজাম্মেল হোসেনের বাসটিতে আগুন দেয়া হয়। রাত ২টার দিকে গ্রামবাসী আগুন নেভায়।
মোজাম্মেল হোসেন এ ঘটনার জন্য হরতালকারী বিএনপি ও জামায়াত-শিবির সমর্থকদের দায়ী করেন।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, শুক্রবার মোজাম্মেল হোসেন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
সুন্দরঘোনা গ্রামের বাসিন্দা বাস মালিক শেখ মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেক কষ্টে টাকা জমিয়ে তিনি পুরনো এ বাসটি কিনেছিলেন।
খুলনা-মংলা সড়কে তিনি নিজেই বাসটি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
বৃহস্পতিবার হরতালের কারণে নিরাপত্তার জন্য তিনি বাসটি নিজের বাড়ির সামনের মাঠে এনে রেখেছিলেন। বাসটি হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেলেন, বলেন মোজাম্মেল।
স্থানীয় ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান ও বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আগুনে বাসটি পুড়ে দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
