সিলেট মেয়রকে হত্যার হুমকি
কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
চিরকুটে লেখা আছে, “আগামী ২৬ মার্চ তাকে ‘কতল’ (হত্যা) করা হবে।”
চিরকুটের শেষে মাওলানা জমদুদ তালুকদার, মানিকপীর রোড, সিলেটের কথা উল্লেখ রয়েছে।
কামরান জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি প্যাকেট আসে সিটি কর্পোরেশনে। প্যাকেটটি খুলে খুলে ভেতরে কাফনের কাপড়ের টুকরো (প্রায় দুইগজ সাদা কাপড়) ও একটি চিরকুট দেখতে পান সিটি করপোরেশন কর্মকর্তারা।পরে তারা বিষয়টি জানায়।
২০০৯ সালের মার্চেও একবার এই নেতাকে বোমা মেরে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
মেয়র কামরানের মতো কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুল্লাহ তালুকদারকেও।
বিশ্ববিদ্যালয়ের উপ নিবন্ধক বদরুল ইসলাম সোয়েব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক যুবক সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা পার্শ্বেলটি উপাচার্যের অফিসে দিয়ে যান। রাত ৯টার দিকে উপাচার্য খুলে কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকির চিঠি দেখতে পান।
এর আগে বুধবার একইভাবে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজকে হত্যার হুমকি দেয়া হয়।
এছাড়া সোমবার রাতে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপিকে।
শনিবার রাতে নগরীর আখালিয়ায় জামায়াত-শিবিরের হামলায় নিহত হন সাবেক ছাত্রলীগ নেতা এবং জাগরণ মঞ্চের কর্মী জগৎজ্যোতি তালুকদার।
এ হামলায় গুরুতর আহত জুয়েল আহমদ নামের আরেক ছাত্রলীগ নেতা।
