২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালবিরোধীদের হাতে ৩ সংবাদকর্মী প্রহৃত

রাজধানীতে হরতালে দায়িত্ব পালন করতে গিয়ে তিনজন সংবাদকর্মী প্রহৃত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 10:45 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

বৃহস্পতিবার দুপুরে সবুজবাগের আহমেদবাগে দায়িত্ব পালনের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলের তিন ক্যামেরাম্যানকে মারধর করে আটকে রাখে হরতালবিরোধী কয়েকজন যুবক।

এ সময় একটি ক্যামেরা থেকে মেমোরি কার্ড খুলে নেয়া হলেও পুলিশের হস্তক্ষেপে পরে তা ফিরিয়ে দেয়া হয়।

হরতাল সমর্থনকারীরা সাংবাদিকদের ডেকে এনে মিছিল, হাতবোমার বিস্ফোরণ এবং গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করছিল অভিযোগ এনে হামলা চালায় যুবকরা।

প্রত্যক্ষদর্শী সবজি বিক্রেতা ফিরোজ জানান, হরতাল সমর্থকদের একটি মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুর এবং হাতবোমার বিস্ফোরণ ঘটনো হয়। তখন হরতালবিরোধী কয়েকজন যুবক এসে এক পিকেটারকে ধরে ফেলে।

কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান এসব ঘটনার চিত্রধারণ করছিল। হঠাৎ হরতালবিরোধী কয়েকজন এসে তিন ক্যামেরাম্যানকে মারধর করে এবং স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে তাদের আটকে রাখে।

পরে অন্য সাংবাদিকরা সেখানে ছুটে যান। ঘটনার খবর পেয়ে সবুজবাগ থানার ওসি আসেন।

সবুজবাগ থানার ওসি বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাছরাঙ্গা, ইটিভি ও এটিএন নিউজের ক্যামেরাম্যানদের ধরে নিয়ে যায় হরতালবিরোধীরা। এটিএন নিউজের ক্যামেরা থেকে মেমোরি কার্ড খুলে নেয়া হয়। পরে ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদের সহায়তায় তা উদ্ধার করা হয়।

আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে সাংবাদিকদের ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে বলে তিনি জানান।

হরতালবিরোধীরা পান্না নামে একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। সে স্থানীয় ছাত্রদল নেতা বলে ওসি জানান।