২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াতের ফাঁদে পা দিয়েই এ দুর্দশা’

পল্টনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতারা আহত হওয়ায় ‘দুঃখ’ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম হানিফ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 10:02 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

তিনি বলেছেন, “জামাতের ফাঁদে পা দেয়ার জন্যই বিএনপির এই দুর্দশা। ঐতিহাসিক ৭ মার্চে হরতাল দিয়ে বিএনপি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেক দূরে সরে গেছে। তারা এখন পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে।”

বৃহস্পতিবার বিএনপি ও জামায়াতের হরতাল চলাকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন হানিফ।

বুধবার নয়া পল্টনে বিএনপির বিক্ষোভ- সমাবেশের মধ্যেই পুলিশের সঙ্গে দলীয় কর্মীদের সংঘর্ষে বিএনপির বেশ কয়েক জন নেতা আহত হন। পণ্ড হয় সমাবেশ।

এ বিষয়ে হানিফ বলেন, “জামাত উস্কানি দিয়ে সুপরিকল্পিতভাবে বিএনপির সমাবেশ পণ্ড করে দিয়েছে।”

৭ মার্চ হরতাল দেয়ার কৌশল হিসেবেও এটা করা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন এই আওয়ামী লীগ নেতা।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার ও বিরোধীদলের আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, “সব কিছুতেই জাতীয় ঐক্য প্রয়োজন। যে কোনো বিষয়ে আলোচনার জন্য আওয়ামী লীগ প্রস্তুত।”

এদিকে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধু এভিনিউ  ও আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের নেতা-কর্মীরা এবং বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতা-কর্মীরা ওই এলাকায় মিছিল  করেন।

দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে  যুবসংগ্রাম পরিষদের হরতালবিরোধী সমাবেশে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, সারা দেশ থেকে জামায়াত-শিবিরের তালিকা তাদের হাতে আসতে শুরু করেছে। এসব তালিকা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হচ্ছে।

জামায়াত-শিবিরের সহিংসতা প্রতিরোধে প্রতিটি এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন ওমর ফারুক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব প্রতিরোধ কমিটি গঠন করা হবে, যাতে জামায়াত-শিবিরের নৈরাজ্যকারীরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে।