ফরিদপুরে ‘গান পাউডার ছড়িয়ে’ বাসে আগুন
ফরিদপুর সদরে হরতালের আগের রাতে একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বাসের চালক শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৪০ জন যাত্রী নিয়ে বেনাপোল থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন তিনি ।
“সাড়ে ৮টার দিকে বাসটি ধুলদীতে পৌঁছালে রাস্তার ওপর গাছের গুঁড়ি দেখে আমি গতি কমিয়ে দেই। এ সময় ১০/১২জন যুবক বাসে উঠে ইঞ্জিনকভারের ওপর পাউডারের মতো কি যেন ছিটিয়ে দিয়ে নেমে যায়। এর পরপরই বাসে আগুন ধরে যায়।”
“যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গেলে কয়েকজনের গায়ে আগুন ধরে যায়। আমার ডান হাতের কনুইও ঝলসে গেছে।”
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সুমন সেন জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে, তবে তারা সবাই আশঙ্কামুক্ত।
আহতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে । এরা হলেন- সিদ্দিকুর রহমান (৪৮), মিজান (২৪), শামসুল হুদা (৫০), মশিউর রহমান (৪০), ইছাহাক (৩৫), মনোয়ারা (৪০), মিলন (২৮), প্রমিলা (৫০), রাসেল (২২) ও বাসচালক শাহীন (৪৯)।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বাসে আগুন দেয়ার এ ঘটনার পর মহাসড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে । জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান কোতোয়ালী থানার ওসি মহসিনুল হক।
