২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবির প্রতিরোধে খুলনায় কর্মসূচি

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের দাবি করে সামপ্রতিককালে তাদের তাণ্ডবের বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে খুলনায়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 11:50 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

খুলনার সাম্প্রদায়িক সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সামাজিক কমিটি নামে একটি সংগঠন বুধবার এ কর্মসূচি ঘোষণা করে।

নগরীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচী ঘোষণা করেন কমিটির আহ্বায়ক খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।   

বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে ২২ মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় সমাবেশের এই কর্মসূচি দেয়া হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে সারাদেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের তীব্র নিন্দা এবং তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের সকলকে আহ্বান জানানো হয়।

তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। 

সম্মেলনে প্রতিরোধ কমিটির নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন জাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি ও জাকের পার্টির মহানগর সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বয়াক সরদার মাহবুবার রহমান, মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান প্রজন্ম ৭১-এর সদস্য সচিব মফিদুল ইসলাম টুটুল প্রমুখ।

তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৭ মার্চ সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানবন্ধন,  ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের সমাবেশ শহীদ হাদিস পার্কে,  ৯ মার্চ বিকেলে ফুলতলা উপজেলা স্বাধীনতা মঞ্চে সমাবেশ, ১১ মার্চ পেশাজীবী সমন্বয় পরিষদের শিববাড়ী মোড়ের প্রতিবাদী গণমিছিল, ১২ মার্চ খানজাহান আলী থানায় সমাবেশ, ১৩ মার্চ খালিশপুরে সমাবেশ, ১৪ মার্চ দৌলতপুরে সমাবেশ এবং ১৫ মার্চ শহীদ হাদিস পার্কে সমাবেশ।

এছাড়া ১০ মার্চ থেকে ২২মার্চ পর্যন্ত বিভিন্ন উপজেলায় সাম্প্রদায়িক মস্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সামাজিক কমিটি গঠন ও সমাবেশের আয়োজন করা হবে।

জাতীয় পতাকা অবমাননা, শহীদ মিনার ভাঙচুর, জাতীয় মসজিদে জায়নামাজে আগুন, হিন্দু সম্প্রদায়ের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ ও পুলিশসহ সাধারণ মানুষকে হত্যাসহ নানা সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে জামায়াত-শিবির ও এর সমর্থক দলগুলো।