আ’লীগ নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে সিলেট জজ আদালতের অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের ঠিকানায় কুরিয়ার সার্ভিসে কাফনের কাপড় ও চিঠি পাঠানো হয়।
টিঠিতে আগামী ২৬ মার্চ তাকে ‘কাতল’ (হত্যা) করার হুমকি দেয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) শামসুল ইসলাম।
শামসুল ইসলাম সাংবাদিকদের বলেন, বুধবার বেলা ১টার দিকে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি প্যাকেট আসে মিসবাহ উদ্দিন সিরাজের নামে।
“মিসবাহ ঢাকায় অবস্থান করায় ফোনে তার অনুমতি নিয়ে প্যাকেটটি খোলা হলে ভেতরে কাফনের কাপড়ের টুকরো ও একটি চিরকুট পাওয়া যায়,” বলেন শামসুল।
হুমকিদাতা হিসেবে চিরকুটের নিচে লিখা রয়েছে- মাও. জমদুদ তালুকদার, মানিকপীর রোড, সিলেট।
বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে বলে জানান এপিপি।
