নেত্রকোনায় অটোরিকশায় অগ্নিসংযোগ, মামলা দায়ের
বিএনপির হরতালে পিকেটারদের দেয়া আগুনে দুই অটোরিকশা যাত্রী দগ্ধ হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
দ্রুত বিচার আইনে করা এ মামলায় যুবদল ও ছাত্রদলের ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি করা হয়। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান বলেন, গ্রেপ্তার তিন জন হলেন যুবদলকর্মী সদর উপজেলার কুমরী গ্রামের তৌফিক মিয়া (৩৫), ছাত্রদলকর্মী শহরের মসজিদ কোয়াটারের অনীক মাহমুদ এবং ছাত্রদলকর্মী সাতপাইয়ের সোহাগ মিয়া।
তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে যুবদলের কয়েকজন কর্মী হঠাৎ শহরের আখড়ার মোড়ে একটি অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী মারাত্মকভাবে দগ্ধ হন।
তাদেরকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা পাঠানো হয়।
