২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি সাম্প্রদায়িক দাঙ্গার পাঁয়তারা করছে’

বিএনপি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে মন্তব্য করে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক কাঠামো ভেঙে ভিন্ন কোনো রাষ্ট্র ব্যবস্থা কায়েমের চেষ্টা সরকার সফল হতে দেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 07:11 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

তিনি বলেছেন, সারা দেশে তাণ্ডবের পর সরকার এমন কোনো উদ্যোগ নেয়নি যাতে হত্যাকাণ্ড উৎসাহিত হয়। তবে কেউ একে সরকারের দূর্বলতা ভাবলে ভুল করবে।

সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রেক্ষিতে বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্ালয়ে সংবাদ সম্মেলন করে দলের অবস্থান তুলে ধরেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।

তিনি বলেন, “বিএনপি সাম্প্রদায়িক দল। তারা সাম্প্রদায়িক দাঙ্গার পাঁয়তারা করছে। কিন্তু জনগণ যে সাম্প্রদায়িক না তা অনেকবার প্রমাণ হয়েছে। এদশে কোনো দিনই সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না।”

“গৃহযুদ্ধের চেষ্টা যতোই হোক না কেন, ১/১১ সৃষ্টি করে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে আরেকটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার চেষ্টা আওয়ামী লীগ কখনো করতে দেবে না।”

দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর থেকেই দেশজুড়ে পুলিশ, সরকারি প্রতিষ্ঠান, যোগাযোগ অবকাঠামো ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ব্যাপক তাণ্ডব শুরু করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। রায়ের দিন থেকে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত হয় সাত পুলিশসহ ৬৭ জন।

সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা বলছেন, জামায়াতের এসব হামলার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে।

খালেদা জিয়ার সাম্প্রতিক সিঙ্গাপুর সফর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এই সফর নিয়ে আমি যে বক্তব্য দিয়েছিলাম তার প্রতিফলন এখন দেখছেন। বিএনপি এখনো স্পষ্ট করে বলেনি কেন খালেদা জিয়া সিঙ্গাপুরে গেছেন। সেখান থেকে তার লন্ডন যাওয়ার কথা থাকলেও যাননি। কেন যেতে চেয়েছিলেন তা আমরা জানি। যাদের ষড়যন্ত্র করার কথা ছিল ভয় পেয়ে তারা সরে গেছে।

“সিঙ্গাপুর সফর নিয়ে খালেদা জিয়া কী ষড়যন্ত্র করেছিলেন তা তিনি ও আমি জানি।”

তবে তথ্যদাতাদের নিরাপত্তার খাতিরে খালেদা জিয়ার সেই ‘অভিসন্ধি’ বা ‘ষড়যন্ত্র’ নিয়ে আর কিছু বলেননি আশরাফ।

আশরাফ বলেন, বর্তমানে খালেদা জিয়ার মুখে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ‘কোনো কথা নেই’। তারা যুদ্ধাপরাধীদের রক্ষা ও সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টিতে ব্যস্ত।

খালেদা জিয়ার গত শুক্রবারের সংবাদ সম্মেলনকে ‘জাতির উদ্দেশ্যে ভাষণ’ আখ্যায়িত করে আশরাফ বলেন, তিনি আইনের শাসন ও সংবিধানের বিপক্ষে কথা বলেছেন।

“কেন তারা হরতাল দিল। বিএনপি-জামায়াতকেই হত্যার দায় নিতে হবে।”

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা না করার কারণেও খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেন আশরাফ।

আওয়ামী লীগ সহিংসতা চায় না উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে অনেকে প্রস্তাব নিয়ে আসছে। তারা আওয়ামী লীগকে মাঠে নামাতে চায়। তাদের উদ্দেশ্য দেশে গৃহযুদ্ধ সৃষ্টি করা। কিন্তু আওয়ামী লীগ পুলিশ বাহিনী নয়, রাজনৈতিক দল। সরকার তার দায়িত্ব পালন করছে।”

দেশে সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি মন্তব্য করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জনগণকে তাদের সহায়তা করতে হবে। সরকার দক্ষতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে।”

যুদ্ধাপরাধের বিচার ও রায় কার্যকরে সরকার বদ্ধ পরিকর বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের মুখপাত্র।

তিনি বলেন, “নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করব। আওয়ামী লীগকে অন্য কোনো দিকে ধাবিত করা কারো পক্ষেই সম্ভব না। নেত্রী অত্যন্ত সংযত, ধীর-স্থির ও সুচিন্তিতভাবে এ অবস্থা মোকাবেলা করছেন। আইন ভাঙার জন্য কাউকে উৎসাহ দিচ্ছেন না।”

“আলামত সব ধ্বংস করে দিতে পারেন, কিন্তু মানুষের স্মৃতি তো ধ্বংস করতে পারেন না” বলেন তিনি।

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, সরকার যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত নেবে। 

“আমরা বিচার প্রক্রিয়ার মধ্যে আছি। আইনেই আছে কোনো দল যুদ্ধাপরাধে জড়িত থাকলে তাদেরও বিচার করা যাবে।”

যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, “লক্ষ মানুষ গণজাগরণ সৃষ্টি করেছে, এটাই মহাজোটের বড় ঐক্য।”

তিনি বলেন, দেশে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হলেও জনগণের জানমাল রক্ষার জন্য সরকার দায়িত্ব পালন করছে।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে যুদ্ধাপরাধীদের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান ক্ষমতাসীন দলের এই নেতা।

জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নিশ্চিত হওয়ার পর তা প্রকাশ করা হবে।

অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ভূমিমন্ত্রী আব্দুল মান্নান, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।