রুশনারা আলীর উদ্বেগ
বাংলাদেশে গত কয়েকদিনের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলী।
চলমান সংঘাত অবসানে বাংলাদেশ সরকার ও বিরোধী দলের ওপর চাপ দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায় মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।”
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর বাংলাদেশে জামায়াতের তাণ্ডবের ফলে সৃষ্ট সংঘাতে নিহত হয়েছে পুলিশসহ ৬৭ জন।
আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রুশনারা বলেন, “বাংলাদেশ জুড়ে হতাহতের সংখ্যা একটি ভীতিকর হারে বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমান অনিশ্চয়তার পরিস্থিতি মানুষের জীবন ও জীবিকাকে ঝুঁকির মুখে ফেলছে।”
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগের কাছে বিষয়টি তুলে ধরেছেন জানিয়ে তিনি বলেন, “অস্থিতিশীলতার ঝুঁকির মুখে ফেলা সহিংসতা বন্ধ করতে বাংলাদেশ সরকার এবং বিরোধী দলের নেতাদের ওপর চাপ প্রয়োগ করার জন্য ব্রিটিশ সরকারের কাছে আহ্বান জানিয়েছি।”
“এই কঠিন সময়ে বাংলাদেশে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার জন্য কী প্রচেষ্টা চালানো যায় সে দিকে আমাদের নজর দিতে হবে,” যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে বলেন তিনি।
