২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে জালিয়াতি, পাবনায় ৯ জনের যাবজ্জীবন

জালিয়াতির অভিযোগে রূপালী ব্যাংকের পাঁচ কর্মকর্তাসহ নয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাবনার একটি আদালত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 11:23 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

এছাড়া প্রত্যেককে দেড় লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর সাজাভোগ করতে হবে।

মঙ্গলবার আসামিদের অনুপস্থিতিতে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক অমূল্য কুমার সরকার এ রায় দেন।

দণ্ডিতরা হলেন রূপালী ব্যাংক রাজবাড়ী শাখার তৎকালীন ব্যবস্থাপক কাজী নজরুল ইসলাম, তৎকালীন জ্যেষ্ঠ কর্মকর্তা মো. গোফরান মিয়া, এফ এম লিয়াকত আলী, তৎকালীন কর্মকর্তা শহিদুল ইসলাম, তৎকালীন কর্মচারী (এমএলএসএস) মিরাজ উদ্দিন আহমেদ, গ্রাহক আব্দুর রহমান ওরফে মতিয়ার রহমান, গ্রাহকের সনাক্তকারী পাবনার ব্যবসায়ী আব্দুস সামাদ, রাজবাড়ীর ব্যবসায়ী আব্দুর রশিদ মণ্ডল এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ী জ্যোতিলাল সাহা।

অভিযোগ প্রামাণিত না হওয়ায় বেড়া উপজেলা রূপালী ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল করিম ফকিরকে আদালত বেকসুর খালাস দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সামাদ খান রতন।

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ব্যবসায়ী আব্দুর রহমান ওরফে মতিয়ার রহমান রূপালী ব্যাংক রাজবাড়ী শাখায় তার নিজের ছবি দিয়ে ‘আব্দুর রহমান’ নামে একটি চলতি হিসাব খোলেন, যার নম্বর ১৫৩৬।

একই ব্যক্তি একই ছবি ব্যাবহার করে রূপালী ব্যাংক পাবনার বেড়া শাখায় ‘মতিয়ার রহমান’ নামে আরেকটি  চলতি হিসাব খোলেন, যার নম্বর ১৫০৮।

বেড়ায় শাখায় রূপালী ব্যাংকে হিসাব খোলার সময় তাকে সনাক্ত করেন ব্যবসায়ী আব্দুস সামাদ।

পরে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীরা যোগসাজস করে বিভিন্ন সময়ে ব্যাংকের রাজবাড়ীর ‘আব্দুর রহমানের’ হিসাব থেকে ভূয়া টিটি এবং এমটির মাধ্যমে ৭ লাখ ২৫ হাজার টাকা বেড়া শাখার ‘মতিয়ার রহমানের’ হিসাবে পাঠায় এবং তা তুলে আত্মসাত করেন।

আইনজীবী জানান, এ ব্যাপারে অভিযোগ করা হলে দুর্নীতি দমন কমিশন-দুদক এর পাবনার তৎকালীন উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল জাহিদ বাদী হয়ে ১৯৯৯ সালের ২ জুন রূপালী ব্যাংকের ৮ কর্মকর্তা-কর্মচারীসহ ১০ জনের বিরুদ্ধে বেড়া থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ১০ জনের নামে আদালতে অভিযোগপত্র দেয়।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন কাজী সাইদুর রহমান।