২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে রেললাইন-সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে ভোরে রেললাইন ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেছে পিকেটাররা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 04:35 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

রাজপাড়া থানার ওসি এসএম রেজাউল ইসলাম বলেন, হরতাল সমর্থকরা মঙ্গলবার ভোরে বহরমপুর এলাকায় রেললাইনের ওপর একটি টায়ারে আগুন দেয়। কিন্তু পুলিশ দ্রুত গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

হরতালের সমর্থনে বিএনপিকর্মীরা নগরীর কয়েকটি এলাকায় রাস্তার উপর টায়ারে আগুন ধরিয়ে অবরোধের চেষ্টা করে।

এছাড়া রাজশাহী মহানগরে আওয়ামী লীগের একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেয়া হয়েছে।

ওসি রেজাউল বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর বন্ধগেট এলাকায় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ওই কার্যালয়ের কিছু অংশ পুড়ে গেছে।

জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে সকালে হরতালের সমর্থনে মিছিল হয়।

এদিকে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় অপসোনিন কোম্পানির ওষুধ বহনকারী পিকআপে আগুন দেয়া হয়। এতে কয়েক লাখ টাকার ওষুধসহ পিকআপটি পুড়ে যায়।

এ সময় হরতাল সমর্থকরা ওই এলাকায় ১০/১২টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

এছাড়া রাত সাড়ে ৯টার দিকে নগরীর বোয়ালিয়া থানা এলাকার মালোপাড়া পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়। আসাম কলোনি এলাকায় এক ছাত্রলীগ নেতার বাড়িতে হাতবোমা ছোড়ে দুর্বৃত্তরা।