নামেনি দূরপাল্লার বাস, ট্রেন-লঞ্চ স্বাভাবিক
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর প্রধান সড়কে যাত্রীবাহী বাস চলছে। তবে বরাবরের মতোই বন্ধ আছে দূরপাল্লার বাস চলাচল।
সদরঘাটে ভোরে যথারীতি লঞ্চগুলো ভিড়েছে। কম যাত্রী নিয়েই ছেড়ে গেছে কয়েকটি লঞ্চ।
বিএনপির সকাল-সন্ধ্যা হরতালে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে অন্যান্য হরতালের তুলনায় বেশি যানবাহন চলাচল করতে দেখা গেছে। রিকশা ও অটোরিকশার পাশপাশি, প্রাইভেটকারও নেমেছে বেশি।
রাজধানীর বিভিন্ন রুটে চলছে বিআরটিসির বাস। বিভিন্ন অভ্যন্তরীণ রূটের বাসও চলছে।
জামায়াতে ইসলামীর ডাকা দুই দিনের হরতাল শেষে বিএনপির এই হরতালে নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই রাজধানীর প্রধান সড়কে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য।
সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে সকালে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা জানান, সন্ধ্যার পর বাসগুলো টার্মিনাল ছেড়ে যাবে।
কমলাপুর স্টেশন থেকে ট্রেন যথারীতি ছেড়ে গেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর থেকে বেলা ১০টা ৩০ মিনিটি পর্যন্ত সদরঘাট থেকে ৯টি লঞ্চ ছেড়ে গেছে, ভিড়েছে ২৪টি লঞ্চ।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত-শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে হরতাল ডাকে জামায়াত।
বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতের প্রধান শরিক বিএনপি।
