কমলাপুরে ট্রেনে আগুন দেয় ‘৪ যুবক’
কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে চার যুবক আগুন দিয়েছিল বলে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানিয়েছেন।
ওই যুবকদের মুখে দাড়ি এবং কয়েকজনের পিঠে ব্যাগ ছিল বলে জানিয়েছেন তারা।
বিভিন্ন স্থানে গত কয়েকদিনে জামায়াতে ইসলামীর তাণ্ডবের মধ্যে সোমবার বিকালে দেশের রেল যোগাযোগের কেন্দ্রবিন্দু কমলাপুর স্টেশনে নোয়াখালী ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসে আগুন দেয়া হয়।
আগুনে ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন দেয়ার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি বিকাল সোয়া ৪টার দিকে কমলাপুরে পৌঁছানোর পরপরই এর শেষের বগি দাউ দাউ করে জ্বলে ওঠে। এর ঠিক আগেই স্টেশন এলাকার মধ্যে বিকট শব্দে বিস্ফোরিত হয় একটি হাতবোমা।
এই ট্রেনটির পুনরায় নোয়াখালীর উদ্দেশে যাত্রা করার কথা ছিল।
ফিরতি ট্রেনের যাত্রী ভৈরবের মো. আলাউদ্দিন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনটি ৪টার দিকে স্টেশনে আসার কথা থাকলেও এটি প্রায় ১০ মিনিট পরে প্ল্যাটফর্মে আসে।
তিনি বলেন, ট্রেনটি থামার পরে চারজন যুবককে তিনি ওই বগিটির (পুড়ে যাওয়া) দিকে যেতে দেখেন।
“তাদের বয়স আনুমানিক ১৬ থেকে ২০ বছর। তাদের পরনে টি-শার্ট আর ঢোলা প্যান্ট ছিল। প্রত্যেকের মুখে দাড়ি ছিল।”
একই ধরনের বক্তব্য পাওয়া যায় নোয়াখালীর মাইজদীগামী যাত্রী নোমান লষ্করের কাছ থেকেও।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার জনকে আমিও দেখেছি। তাদের কয়েকজনের পিঠে কালো ব্যাগ ছিল, যা বেশ ফোলা মনে হয়েছে। তাদের আচরণও সন্দেহজনক ছিল।”
ট্রেনে আগুন লাগার মুহূর্তে ‘ঠ’ বগিতে নিজের আসন খুঁজছিলেন নোমান। তার দুটি বগির পরের বগি দুটিতে আগুন লাগানো হয়।
ট্রেনে আগুনের খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট কমলাপুর স্টেশনে যায়। তবে তার আগেই রেলকর্মীরা পানি দিয়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন।
ট্রেনে আগুন দেয়ার খবর পেয়েই কমলাপুরে ছুটে আসেন রেলমন্ত্রী মুজিবুল হক।
তিনি সাংবাদিকদের বলেন, “বিএনপির উস্কানিতে জামায়াত-শিবির চক্র, যারা গত কয়েক দিন ধরে সারা দেশে নাশকতা চালিয়ে আসছে, তারাই এই ঘটনা ঘটিয়েছে।”
একটি বগি পুড়ে যাওয়ায় রেলওয়ের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান মন্ত্রী।
রেল পুলিশের ডিআইজি সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, ট্রেনে আগুন দেয়ার মিনিট পাঁচেক আগে কমলাপুর ওভারব্রিজ থেকে স্টেশনের সীমানার ভেতর সাত নম্বর প্লাটফর্মের কাছে একটি হাতবোমা বিস্ফোরিত হয়।
“আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেদিকে খোঁজ নিতে গেলে এদিকে ট্রেনে আগুন লাগানো হয়।”
আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে অথবা ট্রেনে আগুন দেয়ার সঙ্কেত দিতে বোমাটি ফাটানো হয় বলে সোহরাবের ধারণা।
ট্রেনে আগুন লাগার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি বলে রেল কর্মকর্তারা জানান।
ট্রেনটি সাড়ে ৬টায় পুনরায় নোয়াখালীর উদ্দেশে যাত্রা করেছে বলে জানান স্টেশন ব্যবস্থাপক (ম্যানেজার) খায়রুল বশির।
২৬ সিসি ক্যামেরার ১৮টিই অচল
কমলাপুর রেল স্টেশনের নিরাপত্তা নজরদারির জন্য ২৬টি ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলেও তার ১৮টিই অচল দেখা গেছে।
গত কয়েকদিনে জামায়াতের হামলার মূল লক্ষ্যই ছিল যোগাযোগ ব্যবস্থা।
বিভিন্ন স্থানে রেললাইনে আগুন ও স্লিপার তুলে নেয়া এবং রাজশাহীতে ট্রেনে আগুনের দুদিন পরই কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটল।
কমলাপুর রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ওসি মো. আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টেশনের ১৮টি সিসি ক্যামেরা গত প্রায় এক মাস ধরে কাজ করছে না।
বিষয়টি রেলওয়ে টেলিকম বিভাগকে জানানো হলেও তারা এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, বলেন তিনি।
সিসি ক্যামেরায় ধরা পড়েছে কি না- জানতে চাইলে স্টেশন ম্যানেজার বলেন, “সব সময় তো আর ফুটেজ দেখা সম্ভব হয় না। তবে ফুটেজে কিছু থাকলে তা অবশ্যই অপরাধীদের সনাক্ত করার কাজে ব্যবহার করা হবে।”
এত লোকের মধ্যে ট্রেনে আগুন লাগিয়ে দেয়ার পরও কেউ নাশকতাকারীদের দেখতে পেল না বা কাউকে ধরা গেল না কেন- প্রশ্ন করা হলে রেল পুলিশের ডিআইজি সোহরাব বলেন, “যাত্রীবেশে কেউ নাশকতা ঘটালে আমাদের পক্ষে ধরা খুব কঠিন।”
তবে গত কয়েকদিনের ঘটনার পর নাশকতা ঠেকাতে সতর্কতা ছিল বলে দাবি করেছেন তিনি।
সোহরাব বলেন, “গত কয়েক দিনের ঘটনায় আমরা রেলের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছি। তারপরও এ ঘটনা ঘটল। এরপর আমাদের আরো সতর্ক হতে হবে।”
আগুন লাগানোর পরপরই ডিআইজি এই কথা বলেন, তবে এর এক ঘণ্টা পরও নিরাপত্তা জোরদারের কোনো নজির দেখা যায়নি।
এই ঘটনার পরে কী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশন থানার ওসি আব্দুল মজিদ বলেন, “আমরা প্রত্যেক যাত্রীকে তল্লাশি করছি।”
সোহরাব বলেন, যাত্রীবেশে ট্রেনে থাকা দুর্বৃত্তরাই প্ল্যাটফর্মে নেমে এ ঘটনা ঘটিয়েছে।
যুদ্ধাপরাধের মামলায় গত বৃহস্পতিবার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পর সারা দেশে ব্যাপক সহিংসতা শুরু করে জামায়াত-শিবির কর্মীরা।
ওইদিনই চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী ও লালমনিরহাটে রেল লাইনে আগুন দেয়া, ফিসপ্লেট ও স্লিপার খুলে ফেলার মতো ঘটনা ঘটে। লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে মহানগর গোধূলী।
এরপর শনিবার গভীর রাতে লাকসাম-নোয়াখালী রেলপথের বিপুলাসারে উপড়ে ফেলা হয় রেলপথ। লাইনের ওপর কাঠ জড়ো করে আগুন দেয়া হয় কুমিল্লায়। রাজশাহী রেল স্টেশনে আন্তঃনগর সিল্কসিটির তিনটি বগি পুড়িয়ে দেয় যাত্রীবেশী ২০-২৫ জন যুবক।
এই কারণে রেলপথের নিরাপত্তা বাড়ানোরও উদ্যোগও নেয়া হয়েছে।
রেললাইনের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাহারা বাড়ানো হয়েছে। প্রতিটি গাড়িতে রেল পুলিশের সংখ্যা ১২ জন থেকে বাড়িয়ে ১৫ জন করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জিআরপি ও আরএনবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
