হরতালের সমর্থনে চট্টগ্রামে শ্রমিক দলের মিছিল
বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালের সমর্থনে চট্টগ্রামে সমাবেশ ও মিছিল করেছ শ্রমিক দল।
সোমবার বিকালে বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
সমাবেশে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “আমরা শান্তিপূর্ণ ও সর্বাত্মক হরতাল পালনের মাধ্যমে গণতান্ত্রিক ভাষায় সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের প্রতিবাদ জানাতে চাই।”
এই হরতালে সরকার বাধা দিলে পরের দিন থেকে চট্টগ্রামে লাগাতার হরতালসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুমকি দেন।
এছাড়া আবদুল্লাহ আল নোমানসহ দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান মীর নাছির।
বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এ সমাবেশ শেষে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়।
