পুলিশের ‘ফাঁকা গুলিতে’ স্কুলছাত্র আহত
জামায়াতের ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে পুলিশের ছোড়া গুলিতে আহত হয়েছে নিজের বাসার বারান্দায় দাঁড়ানো এক স্কুলছাত্র।
আহত জুনায়েদুল হক তন্ময় (১৩) বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তার মুখের বা পাশে ছররা গুলি লাগে।
তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে মতিঝিল থানার পেট্রল ইনস্পেক্টার শেখ আবুল বাশার জানান।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) বিএম ফর্মান আলী জানান, দক্ষিণ কমলাপুরে শিবিরকর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। শিবির কর্মীরা হাতবোমা ফাটালে পুলিশ শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পাশের বহুতল ভবনের পাঁচ তলার বারান্দায় থাকা তন্ময় আহত হয়।
এ ঘটনার পর দক্ষিণ কমলাপুরের একটি মেস থেকে শিবিরকর্মী সন্দেহ পাঁচজনক আটক করেছে পুলিশ।
