‘হরতালে বাধা দিলে পরিণতি ভালো হবে না’
মঙ্গলবারের হরতালে বাধা দেয়া হলে এর ‘পরিণতি ভালো হবে না’ বলে হুঁশিয়ার করে দিয়েছে বিএনপি।
সোমবার বিকালে এক সংবাদ ব্রিফিঙে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “পুলিশ-র্যাব দিয়ে ক্ষমতাসীনরা বিরোধী দলের ওপর নির্বিচারে নির্যাতনের স্টীমরোলার চালিয়ে যাচ্ছে।
“তারা বেপরোয়া হয়ে গেছে। প্রতিবাদ জানানোর এই হরতাল বেআইনি কোনো কর্মসূচি নয়। আজকের প্রধানমন্ত্রীও বিরোধী দলে থাকাকালে অনেক হরতাল করেছেন।’’
গত কয়েকদিনের সংহিসতা ও পুলিশ-র্যাব কৃর্তক ‘গণহত্যার’ প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকালে এই সংবাদ ব্রিফিঙ হয়।
রিজভী দাবি করেন, ‘রক্তপিপাসু’ সরকার সারাদেশে নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে। এই গণহত্যার প্রতিবাদে বিরোধী দলীয় নেতা মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন।
“এই হরতাল উপলক্ষে ইতিমধ্যে পুলিশ সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। নির্যাতন ও হয়রনি করছে।”
তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, মঙ্গলবারের ‘শান্তিপূর্ণ’ হরতালে কোনো বাধা দেয়া হলে তার পরিণতি ভালো হবে না।
রাজধানীর গেন্ডারিয়া, লালবাগ, চকবাজার, মীরপুর, গুলশান, ফরিদপুর, বরিশালসহ সারাদেশে শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন তিনি।
গত কয়েকদিনে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে পাঁচ হাজারের বেশি ‘মিথ্যা’ মামলা দেয়া হয়েছে বলে দাবি এই বিএনপি নেতার ।
মঙ্গলবারের হরতালের পর আরো হরতাল কর্মসূচি আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা সরকারের আচরণ ও প্রকৃতির ওপর নির্ভর করছে।
সংবাদ সম্মেলনে দলের অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, সাবেক ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা গণপরিষদের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস সভাপতি এম এ মালেক, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী উপস্থিত ছিলেন।
এদিকে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
