সিলেটে মাঠে নেই হরতালকারীরা
জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও সিলেটে রাস্তায় নামেনি হরতাল সমর্থকরা।
সোমবার শহরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে নগরীতে রিকশা, অটোরিকশা ও হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যান চলাচল।
হরতালে নাশকতা এড়াতে নগরজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র্যাব ও পুলিশের পাশাপাশি নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সিলেট থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, সিলেট থেকে নির্দিষ্ট গন্তব্যে সব ট্রেন ছেড়ে গেছে।
অফিস-আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাভাবিক কর্মকাণ্ড চলছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান, প্রথম দিনের মতো সোমবারও সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম জানান, হরতালে নগরবাসীর নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মাঠে রয়েছে।
