২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণাকুণ্ডুর ওসি প্রত্যাহার, মামলায় আসামি ৬ হাজার

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশের ওপর হামলা চালিয়ে একজনকে হত্যা  এবং ১০ জনকে আহত করার ঘটনায় জামায়াত-শিবিরের ছয় হাজার নেতাকর্মীকে আসামি করে একটি মামলা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 04:34 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

রোববার হরতালের সময় ওই ঘটনায় কর্তব্যে অবহেলা ও ব্যর্থতার  জন্য হরিণাকুণ্ডু থানার ওসি রেজাউল ইসলামকে  প্রত্যাহার করে পুলিশের খুলনা রেঞ্জ অফিসে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার  আলতাফ হোসেন।

হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক এস আই ফারুক হোসেন জানান, রোববার জামায়াত-শিবিরের হামলায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় রাতে প্রায় ২০০ জনের নাম উল্লেখ করে ৬ হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আসামি করে মামলা হয়।  এস আই আমিনুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত জামায়াত-শিবিরের ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতায় ডাকা হরতালের প্রথম দিন রোববার হরিণাকুণ্ডু উপজেলা কমপ্লেক্সে জামায়াত-শিবিরকর্মীরা লাঠিসোটা ও রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক (৫০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত এবং ১০ পুলিশ আহত হন।

পুরনো খবর:

ঝিনাইদহে জামায়াতের হামলায় পুলিশ নিহত