হরতালে সহিংস জামায়াত
জামায়াতে ইসলামী ৪৮ ঘণ্টার হরতাল বাস্তবায়নে বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়েছে। কয়েকটি জেলায় গাড়িতে আগুন দিয়েছে তারা। কয়েক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।
জেলাগুলোতে অভ্যন্তরীণ রুটে যান চলাচল করলেও দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে। বেশ কয়েকটি জেলায় হরতালবিরোধী মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ ও গণজাগরণ মঞ্চ।
আইনশৃঙ্খলা বাহিনী ৪১ জনকে আটক করেছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুরে নিরুত্তাপ হরতাল, ৩ শিবিরকর্মী আটক
ফরিদপুরে ঢিলেঢালা হরতাল চলছে। শহরের অধিকাংশ দোকানপাটই খোলা। অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করলেও ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস।
ব্যাংক, বীমা ও অফিস-আদালত খোলা থাকলেও লেনদেন ও উপস্থিতি কম। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে পুলিশ মোতায়েন আছে। এছাড়া হরতালের পক্ষে কোথাও কোনো পিকেটিং হয়নি।
এদিকে শনিবার রাতে মধুখালীতে তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
যশোরে বাসে আগুন
ভোরে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে যশোর-খুলনা মহাসড়কে ঢাকা থেকে খুলনাগামী একে ট্রাভেলসের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে হরতালকারীরা।
এছাড়া মণিরামপুরে আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতির মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবিরকর্মীরা।
জেলার অন্যান্য স্থানে হরতাল চলছে নিরুত্তাপ। তবে থমথমে অবস্থা বিরাজ করছে সবখানে।
শহরের অভ্যন্তরে যান চলাচল করলেও দূরপাল্লার পরিবহন চলাচল করছে না।
সাতক্ষীরা অবরুদ্ধ
হরতালকারীরা শহরের চারদিকের সকল সড়কে গাছের গুড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ গড়ে তুলেছে।
শহরের কদমতলা, সদর উপজেলার বৈকারী সড়ক, বাঁকাল, ভোমরা, সাতক্ষীরা-আশাশুনি সড়ক, সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া ও সাতক্ষীরা-খুলনা সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা পিকেটিং করছে।
এসব সড়কে টায়ার জ্বালিয়ে ও সড়কের পাশের গাছ কেটে অবরোধ করে রেখেছে জামায়াত-শিবিরকর্মীরা।
এদিকে সদর উপজেলার সীমান্ত গ্রাম আগড়দাড়ি ও আবাদেরহাটখোলাতে নারীকর্মী নামিয়েছে জামায়াত ইসলামী। সকালে এ অঞ্চলে নারীরা রাস্তায় পিকেটিং করেছে বলে জানায় স্থানীয়রা।
জেলা শহরে সকাল থেকে কোনো ভারি যানবাহন চলতে দেখা যায়নি। তবে ছোট যানবাহন চলাচল করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
গত বৃহস্পতিবারের তাণ্ডবের কারনে সাধারণ মানুষ এখনো আতংকগ্রস্ত হয়ে আছে। শহরময় নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে।
এছাড়া সাতক্ষীরা শহর ও আশাশুনি উপজেলা সদরে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। পুলিশ, বিজিবি ও র্যাব টহল দিচ্ছে।
হরতালে এখনো পর্যন্ত কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি গাজী ইব্রাহিম।
ভোলায় বিক্ষিপ্ত সংঘর্ষ, আটক ৫
ভোলায় একটি বাস ও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে জামায়াত শিবিরকর্মীর। এছাড়া বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষও হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
এছাড়া পুলিশের ওপর হামলার সময় পাঁচ জনকে আটক করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের চৌমুহনী এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ।
ভোলা-লক্ষ্মীপুর-বরিশাল, ভোলা-চরফ্যাশন ও ভোলা-ভেদুরিয়া সড়কে গাছ ফেলে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পিকেটাররা।
ভোলায় অভ্যন্তরীণ ও দুরপাল্লার রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
চুয়াডাঙ্গায় বাসে আগুন
চুয়াডাঙ্গার উথলীতে একটি বাস জ্বালিয়ে দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।
ঢাকা থেকে দর্শনাগামী সোহেলী পরিবহনের এই যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। পরে জীবননগর পুলিশ ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জীবননগর থানার ওসি শাহজাহান আলী খান জানান, বাসটি রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনায় আসার পথে ভোর চারটার দিকে উথলী মোড়ে পৌঁছলে হরতাল সমর্থনকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এ সময় বাসযাত্রী, চালক ও সুপারভাইজার গাড়ি থেকে নেমে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন জানান, মহিলার ছদ্মবেশে কয়েকজন লোক উথলী মোড়ে বাসটি থামায়। তারপর তারা বাসে উঠে আগুন ধরিয়ে দেয়।
পাবনায় মহাসড়ক অবরোধ
পাবনায় মহাসড়ক অবরোধ, টায়ারে আগুন ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে চলছে জামায়াতের ডাকা হরতাল।
সকাল ৬টা থেকে পাবনা-ঢাকা মহাসড়কের মন্দিরপুর, জালালপুর, ধোপাঘাটা, পুষ্পপাড়া, মাধপুরসহ বেশ কয়েকটি স্থান লাঠিসোটা নিয়ে অবরোধ করে পিকেটাররা। এ সময় তারা মহাসড়কের মাঝখানে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে।
কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস-ট্রাক ছেড়ে যায়নি এবং বাইরে থেকে কোনো বাস পাবনায় আসেনি। বন্ধ রয়েছে আন্তঃজেলা রুটে বাস-ট্রাক চলাচল। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নাশকতা ঠেকাতে পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থানসমুহে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে র্যাবের একটি টহল দল।
শেরপুরে হরতাল নেই
জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতাল শেরপুরে পালিত হচ্ছে না। রোববার সকাল থেকেই সব কিছুই রয়েছে স্বাভাবিক।
জেলার অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল করছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলছে।
সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কাজকর্ম চলছে।
পুলিশ শেরপুরের শ্রীবরদী থেকে সাইফুল ইসলাম নামে এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া জেলায় বিজিবি ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জে বাসে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াত-শিবিরকর্মীরা একটি বাসে আগুন দিয়েছে।
দুপুর পৌনে ১২টার দিকে পোস্ট অফিসের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এই ঘটনা ঘটে।
এ সময় পুলিশ একজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে লাঠিসোটা নিয়ে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ|
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা পৌনে ১২টার দিকে পোস্ট অফিস রোডের সামনে নারায়ণগঞ্জগামী আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেয় জামায়াত-শিবিরকর্মীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
অন্যদিকে সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় আওয়ামী লীগ হরতাল বিরোধী লাঠি মিছিল করে। এছাড়া শহরের চাষাঢ়ায় হরতাল লাঠি মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন আছে।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান জানান, এছাড়া র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
সাভারে ট্রাকে আগুন, পেট্রোলসহ গ্রেপ্তার ১০
সাভারের আশুলিয়ায় একটি ট্রাকে জ্বালিয়ে দিয়েছে জামায়াত শিবিরকর্মীরা। এছাড়া গাড়িতে আগুন দেয়ার সময় জামায়াত-শিবিরের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার মাতুব্বর বলেন, ভোরে ঢাকা-আরিচা মহ্সাড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ডের কাছে যানবাহনে আগুন দেয়ার চেষ্টাকালে জামায়াত-শিবিরের ১০ পিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের কাছ থেকে উদ্ধারকরা হয়েছে ১০ বোতল পেট্রোল, ১০টি দিয়াশলাই, লাঠির মাথায় বিশেষ কায়দায় লাগানো ৫টি ব্লেড, বেশ কিছু কাপড়ের টুকরো ও একটি বাঁশি।
পিকেটাররা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে।
এছাড়া আরও কয়েকটি যানবাহন ভাংচুর করেছে তারা।
ফেনীতে হরতালে মোটরসাইকেল ও রিকশায় আগুন
বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে একটি মোটরসাইকেল ও রিকশায় আগুন দিয়েছে জামায়াত শিবিরকর্মীরা।
এ সময় তারা বিভিন্ন সড়কে কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ও সড়কে গাছের গুড়ি ও সিমেন্টের ব্লক ফেলে রাস্তা ব্যারিকেড দেয়। তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে পুলিশ। এসময় দুই পিকেটারকে গ্রেপ্তারও করা হয়।
এছাড়া রাতে জেলার বিভিন্ন স্থান থেকে শিবির সন্দেহে ২১ জনকে আটক করেছে।
ভোরে ঢাকা-চট্রগ্রাম রেল পথের ফেনীর ফতেহপুরে রেল লাইনের উপর স্লিপার ও পাথরের বস্তা ফেলে অবরোধ করে রাখে। এতে আধঘণ্টা ঢাকা-চট্রগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে।
হরতালের কারণে সকাল থেকে শহরের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম।
শহরে তিন চাকার যানবাহন টমটম চললেও ভারি যানবাহন চলাচল করেনি।
দিনাজপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।
এছাড়া কবিরাজহাট ও চাকাই যাদুমোড়ে সড়কের উপর গাছ ফেলে ব্যারিকেড দিয়েছে তারা।
বীরগঞ্জ থানার ওসি নুর-এ সিদ্দিকি, বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত-শিবিরের একটি মিছিল থেকে বীরগঞ্জের কবিরাজহাট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর তারা চাকাই যাদুমোড়ে রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
পরে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে দিনাজপুর শহরের দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্কুল-কলেজ খোলা থাকলেও শিক্ষার্থী নেই। দুরপাল্লা এবং আভ্যন্তরীণ রুটে সব ধরনের যাবাহন চলাচল বন্ধ থাকলেও ট্রেন যথারীতি চলছে।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশের সতর্ক অবস্থান ও টহল জোরদার করা হয়েছে।
দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরে হরতালের কোনো প্রভাব পড়েনি।
বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১২টার পর থেকে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এর আগে বেলা ১১টার পর আগের দিন পোর্টে পণ্য খালাস করা ভারতীয় ট্রাকগুলো ভারতে ফিরে গেছে।
তবে হরতালে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ থাকায় হিলি স্থলবন্দর থেকে আমদানি পণ্য বাইরে যেতে পারছে না।
জামালপুরে হরতালে সাড়া নেই
জামায়াতের ডাকা হরতালে সাড়া নেই জামালপুরে।
সকাল থেকেই ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সচল রয়েছে। চলছে বাস ছাড়া সব ধরনের যানবাহন। ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক।
রাজপথে দেখা যায়নি হরতালের পক্ষে-বিপক্ষে কোনো দলের নেতা-কর্মীদের। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুরো জেলা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে র্যাব।
