২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা পদক পাচ্ছেন হান্নান- হামিদসহ ৮ জন

বঙ্গবন্ধুর হয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠকারী এমএ হান্নান এবং মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্পিকার আবদুল হামিদসহ আট বিশিষ্ট ব্যক্তিকে এ বছর স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 09:13 AM

Updated : 23 Aug 2022, 10:18 AM

রোববার এক তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে সরকার আট জন বিশিষ্ট ব্যক্তিকে ২০১৩ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার স্বাধীনতা পদক পাচ্ছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এ হান্নান (মরণোত্তর)। ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এই আওয়ামী লীগ নেতা।

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এ পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম জেলার তৎকালীন পুলিশ সুপার শহীদ মো. সামসুল হক (মরণোত্তর) । তিনি পাক হানাদার বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন।

মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী অ্যাডভোকেট মো. আবদুল হামিদও এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। তিনি বর্তমানে জাতীয় সংসদের স্পিকার।

মুক্তিযোদ্ধা ও ১৯৭২ সালের শুরুতে ঢাকার মিরপুর এলাকা মুক্ত করতে বিশেষ ভূমিকা পালন করায় ডা. মোঃ মোশারফ হোসেনকে এবং ভারতে প্রায় চার হাজার মুক্তিযোদ্ধার কবর চিহ্নিত করে দেহাবশেষ দেশে আনার কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীককে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে।

অর্থনীতির ক্ষেত্রে অবদানের জন্য ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট অর্থনীতিবিদ স্বদেশ রঞ্জন বোস (মরণোত্তর),  সংস্কৃতিতে প্রখ্যাত সুরকার, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সত্য সাহা (মরণোত্তর) এবং কৃষি-গবেষণায় ও কৃষির উন্নয়নে বিশেষ অবদান রাখায় কৃষিবিদ ড. মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াকে এ পুরস্কার দেয়া হচ্ছে এবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণ করবেন বলে তথ্য বিবরণীতে জানানো হয়।

স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ পদক দেয়া হয়।

এ পুরস্কারের জন্য মনোনীতরা একটি করে সোনার পদক এবং একটি সম্মাননাসূচক প্রত্যয়ন পত্র পান। এর সঙ্গে নগদ পুরস্কার হিসাবে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেয়া হয়।