২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাকে আগুন

কুষ্টিয়ায় দু’টি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রাস্তা অবরোধ করার সময় চার জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 06:57 AM

Updated : 23 Aug 2022, 10:18 AM

কুষ্টিয়া সদর থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, রোববার ভোর ৫টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে শহরতলী ত্রিমোহনীর উডল্যান্ড কারখানার কাছে একটি ট্রাকে এবং কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ১৪ মাইল নামক স্থানে সকালে আরেকটি ট্রাকে জামায়াত-শিবির কর্মীরা আগুন ধরিয়ে দেয়।

এছাড়া সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কচুবাড়িয়া বটতলা নামক স্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করার সময় চার জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয় বলে জানান মিরপুর থানার ওসি মতিয়ার রহমান।

আটকরা হলেন-আলী ইসলাম, আব্দুল কারিম, সাঈদ আনোয়ার ও গোলাম মর্তুজা।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকে দলটি।

হরতালের প্রথম দিন সকালে কুষ্টিয়া থেকে দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

আইন শৃঙ্খলা রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছ বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।