গাজীপুরে গাড়ি ভাংচুর বিএনপি-জামায়াত-শিবিরের
হরতালের সমর্থনে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা শনিবার গাজীপুর জেলা শহর, তেলিপাড়া, চান্দনা-চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে মিছিল ও বেশকিছু গাড়ি ভাংচুর করেছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা মঙ্গলবারের হরতালের সমর্থনে মিছিল ও দলের জেলা কার্যালয় প্রাঙ্গনে সমাবেশ করে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের শিববাড়ি, গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা, তেলিপাড়া এলাকায় রোববার ও সোমবারের হরতালের সমর্থনে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় তারা বেশকিছু গাড়ি ভাংচুর করে।
ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. নাজমুল হক জানান, হরতাল সমর্থনকারীরা গাড়ি ভাংচুর করা ছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার ও ঝুটে অগ্নিসংযোগ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
