২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের মতো প্রতিরোধের ডাক মহিউদ্দিনের

১৯৭১ সালের মতো সংগঠিত হয়ে জঙ্গিবাদ ও জামায়াতের তাণ্ডবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 04:45 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শনিবার বিকালে বন্দরনগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশে জামায়াতের উদ্দেশে তিনি বলেন, “আপানারা শক্তি দেখালে আমরাও দেখাতে পারি। আমরা একাত্তরে দেখিয়েছি, এখনো পারব।  

জামায়াত-শিবিরের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সাবেক মেয়র মহিউদ্দিন বলেন, “আপনারা বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছেন, সাম্প্রদায়িকতার উস্কানি ছড়ানোর চেষ্টা করছেন। আমরা আপনাদের সব অপতৎপরতা প্রতিরোধ করব।”

জামায়াত-শিবিরের অব্যাহত হামলা প্রতিরোধে চট্টগ্রামে গঠিত সর্বদলীয় প্রতিরোধ কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে এসব বলেন মহিউদ্দিন চৌধুরী।

সমাবেশ থেকে জামায়াত-শিবিরের ডাকা রোব ও সোমবারের হরতাল প্রতিরোধ করতে চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসারুল আমীন সারা দেশে সাম্প্রতিক সহিংসতার পিছনে মদদ দেয়ার জন্য বিএনপির সমালোচনা করেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “তাদের প্রশ্রয়ে যে জামায়াতে ইসলামী দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে তা জাতির কাছে প্রমাণ হয়েছে।”

জামায়াত-শিবিরের তাণ্ডব রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, ওর্য়াকার্স পার্টির সভাপতি আবু হানিফ, স্বাচিপ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খানসহ বিভিন্ন ছাত্র, যুব ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে হরতালবিরোধী একটি মিছিল নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জামালখান প্রেসক্লাব চত্বরের সামনে চলমান প্রতিবাদী গণজাগরণ মঞ্চের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে।